নাশকতার পরিকল্পনার সময় উত্তরখানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

দেশে নাশকতার পরিকল্পনার সময় রাজধানীর উত্তরখান থেকে যুবলীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের তালতলার একটি রিকশার গ্যারেজ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখানের তালতলা এলাকা থেকে ৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম রায়হানসহ (৩৩) আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকিরা হলেন— মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), আব্দুর রহমান (৪০), মো. সিফাত (৩৩), মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।
ওসি হাবিব বলেন, তালতলার রায়হানের গ্যারেজে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সরকার উৎখাতের জন্য পরিকল্পনা করতেছিল। তখন অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের আট জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি হাবিব বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সেই সাথে তাদের সহযোগী পলাতক আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


