আদ-দ্বীনে তিন ঘণ্টার ব্যবধানে মারা যায় ৬ নবজাতক

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লিকেজে ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
বুধবার (২৭ মে) সকাল ৬টায় এনআইসিইউতে (নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র) প্রথম নবজাতকের মৃত্যু হয়। এরপর সকাল ৯টার মধ্যে বাকি পাঁচ নবজাতকও মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
আজ বিকেল ৩টার দিকে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আকস্মিক এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা সেগুলো বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন। রাত ৩টার দিকে আবারও এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে একজন বাচ্চা অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে অন্য ৫ জন বাচ্চাকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বুধবার সকাল ৬টার সময় প্রথম বাচ্চা মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অন্য পাঁচ নবজাতক মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চাসহ অবস্থান করেন এবং রাতে তিনজন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন।
তারিকুল ইসলাম বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালের ঊর্ধ্বতন সব দায়িত্বশীল কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেনো ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন।
একই সঙ্গে আদ-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে এ ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


