logo

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। এ ছাড়া সংঘাতে জড়িত তিন শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মো. হাসনাইন হাসান পুলিশের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। পাশাপাশি অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নেওয়া হতো।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।