অমতে মাদ্রাসায় ভর্তি, রাগ করে লঞ্চ চড়ে ঢাকায় ১৩ বছরের কিশোরী

পরিবারের অমতে মাদ্রাসায় ভর্তি করানোর কারণে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা দেয় ১৩ বছর বয়সী এক কিশোরী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশের সমন্বিত অভিযানে সদরঘাট থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাইমুনা (১৩) নামের এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায়। পরে তারা জানতে পারেন, কিশোরীটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী 'ইমাম হাসান' নামের একটি লঞ্চে উঠেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর নৌ পুলিশ ও ঢাকা সদরঘাট নৌ পুলিশকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার এএসআই হুমায়ুন। উদ্ধার কার্যক্রমে সার্বিক সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
পরে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লঞ্চটি সদরঘাটে পৌঁছালে কিশোরীটিকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মেয়েটিকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আনোয়ার সাত্তার জানিয়েছেন, সময়োপযোগী তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর সমন্বিত তৎপরতার ফলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
