পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ব্যতিক্রমী উদ্যোগ

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের সামনে পাক্ষিক হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বছর মামলা ও জরিমানা নিয়েই ট্রাফিক পুলিশের কাজ সীমাবদ্ধ থাকে না; বরং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতাও রয়েছে। পরিবহন শ্রমিকরা অত্যন্ত কষ্টকর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতা ও সময়ের অভাবে অনেক চালক ও শ্রমিক নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। অনেক ক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়। ফলে তারা অনেক সময় পূর্ণাঙ্গ চিকিৎসা ছাড়াই ফিরে যান, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ডিএমপির এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগের আয়োজনে প্রাথমিকভাবে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় পরিবহন চালক ও শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
