logo

শরীরে লুকিয়ে কোটি টাকার স্বর্ণ চোরাচালান করতে গিয়ে ছয়জন গ্রেপ্তার

শরীরে লুকিয়ে কোটি টাকার স্বর্ণ চোরাচালান করতে গিয়ে ছয়জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের ভেতর সু-কৌশলে কোটি টাকার স্বর্ণ লুকিয়ে চোরাচালান করতে গিয়ে ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।

বুধবার (১০ জুন) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরের বিমানবন্দরের সামনের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে বুধবার (১০ জুন) ভোরে তারা সন্দেহজনক ঘোরাফেরা করছিল। পরে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। কিন্তু এপিবিএন সদস্যরা তাদেরকে আটক করে ফেলে।

এএসপি রাকিব জানান, আটককৃত ব্যক্তিদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি রাকিব বলেন, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরদিকে এয়ারপোর্ট এপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত যেকোনো চোরাচালান কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।