‘ছিনতাইকারী’ অপবাদে পিটিয়ে হত্যা, সাড়ে তিন মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর গাবতলীতে ‘ছিনতাইকারী’ অপবাদ দিয়ে অপু রাড়ী (২৫) নামে এক যুবককে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সে ঘটনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোশাররফ হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, গ্রেপ্তার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পূর্বশত্রুতার জেরে অপুকে ‘ছিনতাইকারী’ অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। চলতি বছরের ১৪ জুলাই রাত সাড়ে ৩টার দিকে দারুস সালাম থানার গাবতলী এলাকার জাফরিন গদির সামনে মোশাররফ হোসেন, তার গাড়িচালক মিন্টুসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন অপুকে ঘিরে ধরে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
স্বজনরা উদ্ধার করে বাসায় নেওয়ার পর অপুর শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লালমাটিয়ার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সকালে মারা যান তিনি।
অপুর মৃত্যুর ঘটনায় বড় ভাই সোহান রাড়ী বাদী হয়ে দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। মামলার পর ১ আগস্ট দুই নম্বর আসামি মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও প্রধান আসামি মোশাররফ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। শুক্রবার ভোর ৫টার দিকে ভাটারা থানা এলাকার বারিধারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দারুস সালাম থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
