logo

মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৬

মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৬
সরকারি কোয়ার্টারে ছিঁড়ে পড়া লিফট। ছবি: দেশ টিভির ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানী ঢাকার মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ।

তিনি সাংবাদিকদের জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।