ভেজাল ওষুধ বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪ গোডাউন সিলগালা

রাজধানীর কোতোয়ালিতে ভেজাল দেশি-বিদেশি ওষুধ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং চারটি গোডাউন সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) কোতোয়ালির বাবুবাজার এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-১০-এর একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে দেশি-বিদেশি ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসি ব্যবসায়ী মো. তরিকুল ইসলামকে ৩ লাখ টাকা ও নাসির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চারটি গোডাউন সিলগালা করার পাশাপাশি ফার্মেসির প্রায় ১০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
এ বিষয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, অননুমোদিত দেশি-বিদেশি ভেজাল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে দুজনকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় চারটি গোডাউন ও দোকান থেকে আনুমানিক ১০ লাখ টাকার অননুমোদিত ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরে সেগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।
জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
