রূপনগরে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর রূপনগর এলাকায় একটি বাসা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগর এলাকার একটি টিনশেড দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে রূপনগর থানার ইন্সপেক্টর (অপারেশনস) মো. তারেকুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ‘প্রাথমিক ধারণা, ওই নারীকে আনুমানিক ২-৩ দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এখন তারা ঘটনাস্থলে আছেন।’
এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
জানা গেছে, খবর পেয়ে রূপনগর থানা পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



