কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি করে হত্যা, যা বলছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) মারা গেছেন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি বোরহানউদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবের পরিবার রাজধানীর নিমতলীর নাজিমুদ্দিন রোড এলাকায় থাকে। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া নয়টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাকিবের বন্ধু আলামিন বলেন, আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই রাকিবকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। কেন বা কারা এই হামলা করেছে, তা আমরা বুঝতে পারছি না।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।