ঈদের দিন ঢামেক থেকে নিখোঁজ সেই শিশু উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পবিত্র ঈদুল ফিতরের দিন নিখোঁজ হওয়া শিশু ফোজাইলকে (২) উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় এসএম তানভীর নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়।
ফোজাইলের গ্রামের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। তার বাবার নাম মাজহারুল ইসলাম। বর্তমানে তারা ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান বলেন, শিশুটি নিখোঁজের পর ঢামেকের প্রতিটি সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করেছি। সেখানে দেখা যায়, শিশুটিকে একজন নিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং করে তাকে শনাক্ত করার চেষ্টা করি।
পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে জানিয়ে ওসি বলেন, শিশুটি অপহরণ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেকটা ভেঙে পড়েছিল। আমরা সন্দেহ করছি, এই অপহরণের পেছনে আরও অনেকে রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তানভীরের নামে নারী ও শিশু অপহরণ আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে আরও কতজন জড়িত আছে, সেটা নিশ্চিত হওয়া যাবে।
শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া বলেন, দুই দিন আগে ফুজাইলের বাবা হাফেজ নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে ঢামেকের নতুন ভবনের তিন তলায় হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। গতকাল শনিবার ঈদুল ফিতরের দিন দুপুরে ফোজাইলকে নিয়ে তাকে দেখতে হাসপাতালে আসি।
তিনি আরও বলেন, দুপুরে ওয়ার্ডের ভেতরে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এ সময় ফোজাইল ওয়ার্ডের মধ্যেই ছিল। হঠাৎ সে সবার চোখের আড়ালে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। পরে হাসপাতালের আনসার ও পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় খোঁজা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।