তুরাগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট, গ্রেপ্তার ১

রাজধানীর তুরাগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও ব্যবসায়ীকে অপহরণ এবং মারধরের অভিযোগে রুহুল আমিন (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগের ১৫নং সেক্টরের উজ্জল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, টাকা ও কাগজপত্র লুটের ঘটনা ঘটে। সেইসঙ্গে প্রতিষ্ঠানের মালিক মো. উজ্জলকে (৪২) অপহরণ করে নিয়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী উজ্জল বাদী হয়ে পরের দিন বুধবার (১৪ অক্টোবর) বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ওই ব্যবসা প্রতিষ্ঠান ও আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং তদন্ত করে মামলার এজারভুক্ত আসামি রুহুল আমিনকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
