নতুন কর প্রস্তাবের প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে এনবিআর ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ২০০টি মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয় এবং অংশগ্রহণকারীরা ফুটপাতে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, আসন্ন বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে কর আরোপ এবং মালিকদের আয়করের আওতায় এনে অগ্রিম কর বসানোর পরিকল্পনার খবরেই তারা উদ্বিগ্ন।
মোটরসাইকেল চালকদের পক্ষে এ কে এম ইমন বলেন, বাইক কোনো বিলাসী পণ্য নয়; বরং দৈনন্দিন চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি মোটরসাইকেল কেনার সময়ই শুল্ক ও কর পরিশোধ করতে হয়, এরপর নতুন করে কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান।
মানববন্ধনের কারণে সড়কে যান চলাচল আংশিকভাবে ধীর হয়ে পড়ে, তবে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
আন্দোলনকারীরা জানান, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
