জানা গেল নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের নিকটাত্মীয় বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৫২ বছর বয়সী টিটন দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা যায়, টিটন রাজধানীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। নিহত টিটন ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ২৩ জনের মধ্যে ২ নম্বর আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট এলাকার বটতলা শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি রাস্তায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এখানে আনার পর চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
তিনি হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কে এম ফখর উদ্দিন।