হত্যাসহ ১০ মামলার আসামি ‘কিশোর গ্যাংয়ের নেতা’ গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও চুরিসহ বিভিন্ন অপরাধে করা ১০টি মামলার আসামি কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ানকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
দক্ষিণখান এলাকা থেকে রোববার (৮ নভেম্বর) রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ফরহাদ দেওয়ান দক্ষিণখানের দেওয়ান বাড়ির আবুল হোসেন দেওয়ানের ছেলে।
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফহিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার ফরহাদ দেওয়ানের বিরুদ্ধে দক্ষিণখানসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
ওসি ফহিম উদ্দিন বলেন, ফরহাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় দায়ের করা একাধিক মামলা ছাড়াও বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানার মামলার আসামি সে।
তিনি বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
