logo

বৃষ্টিতে বেহাল দশা পশুর হাটে, ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বৃষ্টিতে বেহাল দশা পশুর হাটে, ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা
রাজধানীর বিভিন্ন পশুর হাটে ভারী বৃষ্টিতে পানি জমে গেছে। ছবি: এশিয়া পোস্ট

ভারী বৃষ্টিতে বেহাল অবস্থা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। জলাবদ্ধতা ও কাদাপানির কারণে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকা ভারী বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন হাটে পানি জমে যায়। এর মধ্য দিয়েই গরু নিয়ে চলাচল করতে দেখা যায় ব্যবসায়ীদের। কোথাও হাঁটু পানি, কোথাও কাদায় আটকে যাচ্ছে পশু ও মানুষের চলাচল। এতে গরু কেনাবেচা কার্যক্রমেও ধীরগতি নেমে আসে।

উত্তরার দিয়াবাড়ী হাটে আসা একজন ক্রেতা বলেন, বৃষ্টির কারণে হাটে পানি জমে যাওয়ায় ক্রেতা সমাগম কিছুটা কমেছে। এই সুযোগে মাঝারি সাইজের গরুর বিক্রেতারা সহজে দাম ছাড়তে চাচ্ছেন না। বিশেষ করে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের গরুর ক্ষেত্রে বিক্রেতারা চড়া দাম হাঁকাচ্ছেন। তবে বড় আকারের গরু কম বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

একজন বিক্রেতা বলেন, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে হাটের বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। এতে অন্ধকার ও নানা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদের। ক্রেতারা ঠিকমতো গরুর আকার রং ইত্যাদি বুঝতে পারছেন না। তাই বিক্রি করতে সমস্যা হচ্ছে।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে গরু সামলাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই ঠিকমতো পশু দেখে দরদাম করতে পারছেন না। ফলে হাটজুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।