রাজধানীতে বারে অভিযান, বিপুল মদ জব্দ

রাজধানীর উত্তরার লিবার্টি ক্লাবের বারে যৌথ অভিযান চালিয়ে বিপুল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টার পর্যন্ত উত্তরা ১২ নম্বর সেক্টরের ময়লার মোড়সংলগ্ন ওই ক্লাবে এ অভিযান চলে।
অভিযানে র্যাব-১-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রবিউল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের পরিদর্শক মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, লিবার্টি ক্লাব থেকে ৫০০ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। তবে কয়জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।
বিকেলে লিবার্টি ক্লাবে গিয়ে দেখা যায়, ময়লার মোড়সংলগ্ন ৯৮ নম্বর প্লটটি ঘিরে রেখেছে র্যাব। ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় উত্তরা লিবার্টি ক্লাব রয়েছে। ভবনটির চতুর্থ তলায় চায়না রেস্টুরেন্ট থাকায় শুধুমাত্র চীনা নাগরিকদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া বহু গণমাধ্যমকর্মী ক্লাবের নিচে অবস্থান করছেন। কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও রহস্যজনক কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি।
এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের পরিদর্শক মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি কোনো বক্তব্য না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
র্যাব-১-এর মেজর রবিউল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘কাজ করছি, পরে কথা বলছি।’
ক্লাবটির মালিক জহির রায়হান বলে জানা গেছে।


