ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এলাকাজুড়ে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৬ মে) সকালে আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।