logo

মোহাম্মদপুরে থানা ঘেরাও করে ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ

মোহাম্মদপুরে থানা ঘেরাও করে ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদাবাজ চক্রের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার পর ক্ষুব্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবরের ১৭ নম্বর রোডে এ হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিক আদাবর থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, একটি কারখানায় দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি দল আকস্মিক হামলা চালায়। হামলার সময় কারখানায় উপস্থিত কয়েকজন শ্রমিককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় এমব্রয়ডারি ব্যবসার সঙ্গে যুক্ত মালিকদের নিয়মিত চাঁদা দিতে বাধ্য করা হয়। শুধু দোকান পরিচালনা নয়, মালামাল আনা-নেওয়া বা স্থানান্তরের ক্ষেত্রেও আলাদা করে অর্থ দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হুমকি-ধমকি ও হামলার মুখে পড়তে হয়।

হামলার প্রতিবাদে রাতেই এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা থানার সামনে অবস্থান নেন। তারা সড়কে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, শ্রমিকদের বেতন দেওয়ার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন। তিনি আরও বলেন, ঘটনার পর শ্রমিকরা মূল অভিযুক্ত রাসেলের বাসার সামনে জড়ো হলে পুলিশ তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ভুক্তভোগীরা থানার সামনে অবস্থান নেন।

পুলিশ আশ্বাস দিয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।