রমনা পার্কে স্কুলছাত্রীকে অচেতন করে অপহরণের চেষ্টা, আটক ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
রমনা পার্কে স্কুলছাত্রীকে অচেতন করে অপহরণের চেষ্টা, আটক ১
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর রমনা পার্কে থেকে এক স্কুলছাত্রীকে অচেতন করে অপহরণের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। আটক হওয়া ওই ব্যক্তির নাম আল আমিন (২৬)। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে ঢাকার রমনা পার্কের কাকরাইল মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। অন্যদিকে ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তারা কেউ কারও পূর্বপরিচিত নয়।

খোঁজখবর নিয়ে জানা যায়, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রমনা পার্কে দর্শনার্থীদের ভিড় কিছুটা কম। পার্কের এক নির্জন কোণের আশপাশে ঘুরে বেড়াচ্ছিলেন আল আমিন। তখন ১৫ বছর বয়সি এক কিশোরীর অস্বাভাবিক অবস্থা নজরে পড়ে পার্কের নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্যদের।

এ সময় আল আমিনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের কাছে। পরিস্থিতি আঁচ করতে পেরে সেখানে যান আনসার বাহিনীর এপিসি উজ্জ্বল, আনসার আশেক ইলাহী ও আনসার নুর ইসলাম।

তারা আল আমিনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। পরে প্রমাণ হিসেবে দুটি পরিচয়পত্র (আইডি কার্ড) দেখান। আরও সন্দেহ হলে আনসার সদস্যরা যাচাই করে দেখেন এগুলো ভুয়া। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ও গণসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, আল আমিন ওই কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে তাকে আগেই কৌশলে চেতনানাশক পানীয় পান করিয়েছিল বলে জানান।

তিনি আরও বলেন, পরে আনসার সদস্যরা দ্রুত ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত আল আমিনকে হেফাজতে নিয়ে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।