বায়ুদূষণে বিশ্বে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের পশ্চিববঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। একই তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৮টার লাইভ বায়ুমান সূচক অনুযায়ী, কলকাতার স্কোর ১৯৬, যা তালিকাভুক্ত শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। আর ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
১৬৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে। কাতারের দোহা ১৬০ স্কোর নিয়ে পঞ্চম এবং মালয়েশিয়ার কুচিং ১৫৯ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। কুচিংয়ের সঙ্গে ঢাকার স্কোরও ১৫৯। তবে তালিকার অবস্থান অনুযায়ী কুচিং ষষ্ঠ এবং ঢাকা সপ্তম।
এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অষ্টম, ১৪৯ স্কোর নিয়ে বাহরাইনের মানামা নবম এবং ১৪৮ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি ১০ম অবস্থানে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) হিসাবে সাধারণত ০ থেকে ৫০ স্কোরের বায়ু ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৫০০ স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।
