মহাখালীতে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫৫৬৭ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৯ হাজার টাকা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।
রোববার (৯ আগস্ট) ভোরে মহাখালীর টিবি গেট এলাকার সাততলা বস্তি ও এর আশপাশের পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশের একটি দল মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এডিসি নিয়াজ মেহেদী বলেন, একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশের অপর একটি দল মহাখালী টিবি গেট এলাকার আরেকটি বাসায় অভিযান চালায়। সেখানে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— বিভিন্ন আকারের ১২টি হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিস।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
