logo
Advertisement

নিজ দোকানের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিজ দোকানের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ছবি: এশিয়া পোস্ট 

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় নিজ দোকানের সামনে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন আলী জামান (৫৫) নামে এক বিএনপি নেতা।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হয়। জানা যায়, আহত আলী জামান হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

আহতের ভাই সাদ রহমান জানান, আলী জামান পেশায় গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী এবং হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় তার একটি দোকান রয়েছে। রাত ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে এলাকার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত রিপন, জনি, বাবুল, শামীম, জসিম, সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ।

তিনি আরও জানান, হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । আহত আলী জামানের বাড়ি হাজারীবাগের কালুনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।