logo

মোহাম্মদপুর থেকে ফালান ও কেন্টা ফিরোজ গ্রুপের ৪ জন গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে ফালান ও কেন্টা ফিরোজ গ্রুপের ৪ জন গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ফালান ও কেন্টা ফিরোজ নামের দুটি কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে সুইচ গিয়ার চাকু ও চাপাতিসহ গ্রেপ্তার করেছে এসআরবি-২।

গ্রেপ্তার কিশোরগ্যাংয়ের সদস্যরা হলেন ফালান গ্রুপের সক্রিয় সদস্য মো. ইমরান (২৩) ও তার সহযোগী সোহাগ (২৫)। অপর দুজন হলেন কেন্টা ফিরোজ গ্রুপের সক্রিয় সদস্য জিহাদ ওরফে পাগলা জিহাদ (২৪) ও তার সহযোগী রাব্বি (২৫)।

Advertisement

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও পাবনা হাউজিং গলি এলাকায় অভিযান দুটি চালানো হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের চার সদস্যকে সুইচ গিয়ার চাকু ও চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

মেজর তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন চিহ্নিত অপরাধী অবস্থান করছে বলে জানতে পারে এসআরবি-২। পরে সেখানে অভিযান চালিয়ে ফালান গ্রুপের সদস্য ইমরান ও সোহাগকে একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে রায়েরবাজারের পাবনা হাউজিং গলিতে পৃথক অভিযান চালিয়ে কেন্টা ফিরোজ গ্রুপের সদস্য পাগলা জিহাদ ও রাব্বিকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২-এর এই কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, আধিপত্য বিস্তার এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মেজর তাপস বলেন, গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে দস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।