পুলিশি সেবা আরও জনবান্ধব করার অঙ্গীকার ডিএমপির

রাজধানীর বসিলা এলাকায় নবনির্মিত পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বসিলা এলাকায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে তিনি ক্যাম্পটি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর অবদান রাখবে।
পরে মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। তিনি অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া উপস্থিত নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ফারুক হোসেন, র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।