Advertisement

দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
দক্ষিণখানে সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে সায়েদিল আমিন (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে দক্ষিণখানের বড় দেওয়ানবাড়ির 'তালুকদার ম্যানশন' নামের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সায়েদিল আমিন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৫ নম্বর বাসার রুহুল আমিনের ছেলে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ ভূঁইয়া বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে এসআই শহিদুল্লাহ ভূঁইয়া বলেন, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সায়েদিল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ ছিল না। স্বজনদের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফেরদাতুল আমিন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

আত্মহত্যার কারণ প্রসঙ্গে এসআই বলেন, তার মানসিক সমস্যা ছিল। তিন মাস আগে তিনি স্বেচ্ছায় ইসলামী ব্যাংকের চাকরি ছেড়ে দেন। এরপর থেকে বাসায় একা একই থাকতেন, কারও সঙ্গে কথা বলতেন না এবং চিৎকার-চেঁচামেচি করতেন। আজ সকালেও তিনি রুমে একা ছিলেন এবং এ ঘটনা ঘটান।