হত্যার ৬ বছর পর আসামি গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল থানার বহুল আলোচিত তামিম হত্যা মামলার পলাতক আসামি মো. রায়হান শুভকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ও এলআইসির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার ৮৬ নম্বর সেন্ট্রাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, রায়হান শুভ বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ নাজিরপুর এলাকার বাসিন্দা। তার বাবা মো. শহিদুল ইসলাম খোকন এবং মা জেসমিন আক্তার।
সিআইডি জানায়, ২০২০ সালের ১৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দক্ষিণ-পশ্চিম পাশে মেইন রোডের ফুটপাতে পূর্বপরিকল্পিতভাবে মো. তামিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় মো. সাব্বির, মো. শাওনসহ অন্যান্য সহযোগিদের সঙ্গে উপস্থিত থেকে রায়হান শুভ ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত চলাকালে পূর্বে গ্রেপ্তার দুই আসামির দেওয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়হান শুভর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সিআইডি নজরদারি জোরদার করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শুভ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে সিআইডি।