logo

বিমানবন্দরে হারিয়ে যাওয়া ৭ বছরের শিশু উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে হারিয়ে যাওয়া ৭ বছরের শিশু উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর
বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নারত অবস্থায় একা পড়ে থাকা সাত বছর বয়সী শিশু রায়হানকে উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরের হেভি লাগেজ-৬ নম্বর প্রবেশ গেটে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শিশুটিকে একা দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য আমান উল্লাহ। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে আশ্বস্ত করেন।

ঘটনাটি শিফট ইনচার্জ মো. কবির হোসেনকে জানানো হলে তিনি শিশুটির স্বজনদের খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করেন। তার নির্দেশনায় ড্রাইভওয়েতে কর্মরত আনসার সদস্যরা হ্যান্ডমাইকিংসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির স্বজনদের খোঁজ করেন।

আনসার কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, প্রায় এক ঘণ্টার অনুসন্ধানের পর রায়হানের বোন ও তার স্বামীর সন্ধান পাওয়া যায়। পরে এভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার বোনের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।