বনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার

সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক পরিশ্রম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে দীর্ঘ ও সুস্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা যায়—তা নিয়ে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) অনুষ্ঠিত হলো বিশেষ স্বাস্থ্য সেমিনার।
‘সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার’ শীর্ষক এই আয়োজনে প্রধান আলোচক ছিলেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি উপস্থিত সবাইকে রোগমুক্ত ও দীর্ঘায়ু জীবনের জন্য বৈজ্ঞানিক উপায়ে ইতিবাচক জীবনধারা গড়ে তোলার ওপর জোর দেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে ক্লাবের ফাদার পিসেতো হল (লেভেল-৮)-এ আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটি সদস্য, সাধারণ সদস্য ও তাদের স্বজনরাসহ ১০০ জনের বেশি অংশগ্রহণ করেন।
ধানমন্ডিতে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানসম্মত জীবনযাপনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ডা. মনিরুজ্জামান সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
মূল আলোচনা শেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকর জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্থতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, সদস্য ও তাদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ধারণা ছড়িয়ে দেওয়াই এসব আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ছুটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বক্তব্য, নৈশভোজ, র্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়।
ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।