logo
Advertisement
দারুসসালামে নারীকে গুলি

জানালা দিয়ে নয়, রুমেই স্ত্রীকে গুলি করেন স্বামী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জানালা দিয়ে নয়, রুমেই স্ত্রীকে গুলি করেন স্বামী
নারীকে গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি: র‌্যাব

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় স্ত্রীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) ও মো. হাতেম মিয়া (২১)।

র‍্যাবের অধিনায়ক জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন জেসমিন আক্তার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর র‍্যাব-৪ ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে রোববার ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে হান্নান একজন চিহ্নিত মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি পরিবার নিয়ে দারুসসালাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মাদক কারবার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্ধার করা অস্ত্রটি ব্যবহার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‍্যাব জানায়, ঘটনার দিন মাদক সেবন করে বাসায় ফেরার পর স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে আব্দুল মান্নানের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি পিস্তল দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন। এতে জেসমিন গুরুতর আহত হন।

র‍্যাবের দাবি, স্ত্রীকে গুলি করার পর আব্দুল মান্নান তার ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি রাকিবের বন্ধু হাতেম মিয়ার বাসায় রেখে দেন। পরে অভিযান চালিয়ে সেখান থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

একই সময় তাদের কাছ থেকে ২১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।