logo

মুগদা হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

মুগদা হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন আবাসিক ভবন থেকে পড়ে মোহাম্মদ ইউসুফ (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খনচপাড়া গ্রামের পিয়ার মোল্লার ছেলে। বর্তমানে কাজের সুবাদে মুগদা হাসপাতালের নির্মাণাধীন ভবনেই অবস্থান করতেন। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. শাকিল জানান, মুগদা হাসপাতালের নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন ইউসুফ। এ সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে মুগদা হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।