logo

গুলশানে ৩১ লাখ টাকার বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

গুলশানে ৩১ লাখ টাকার বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার মো. আল আমিন। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর গুলশান থেকে ৩১ লাখ টাকার ৪৩০ লিটার বিদেশি মদ ও প্রায় ১৫৬ লিটার বিয়ারসহ মো. আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে এসআরবি-১-এর একটি দল। পরে রাত ৩টার দিকে গুলশান-২-এর ১১৮ নম্বর সড়কে ১৫ নম্বর বাড়ির সামনে স্থাপিত চেকপোস্টে এসব মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদ ও বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২১ হাজার ৪০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে রাতে এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান গুলশান-২-এর দিকে আসছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। চেকপোস্টে পৌঁছে ভ্যানটির চালক থামার সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে অভিযানিক দলের সদস্যরা ভ্যানটি আটক করেন। তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫.৭৬ লিটার বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ভ্যানে থাকা আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আল আমিন ময়মনসিংহের ছয়েদ আলী ওরফে ছফেদ আলীর ছেলে।

উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।