logo

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।