রাজধানীতে নিজ বাসায় ঝুলছিল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ

রাজধানীর হাজারীবাগের গজমহল শিকারিটোলা এলাকার একটি বাসা থেকে নুসরাত জাহান সুমনা (১২) নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমনা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় নুসরাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১১ অক্টোবর) হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) বাসু দেব সরকার জানান, রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর পরিবারের সহযোগিতায় দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে পারিবারিক বিরোধের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নুসরাত জাহান সুমনা হাজারীবাগের গজমহল শিকারিটোলা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের ৯৩/৪ নম্বর বাসার বাসিন্দা সুমন আলীর মেয়ে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
