logo

আজ ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

আজ ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর
ঢাকার একটি সড়কে দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টার লাইভ র‍্যাংকিংয়ে এ চিত্র দেখা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ৩৮৯। একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৮২, যা সবার জন্য অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের তালিকায় ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পাকিস্তানের লাহোর।

তালিকায় ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৫২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে বাহরাইনের মানামা।

মালয়েশিয়ার কুচিং ১৪৯ স্কোর নিয়ে অষ্টম এবং একই স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৪২ স্কোর নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে কাতারের দোহা।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।