রাজধানীবাসীর ভোগান্তি কমাতে ডিএনসিসির নতুন সিদ্ধান্ত

রাজধানীর বিভিন্ন সড়কে সংস্কারকাজের জন্য বারবার খোঁড়াখুঁড়ি করতে হয়। এই দুর্ভোগ কমাতে কাজ শুরুর আগেই সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২৬ এপ্রিল) ডিএনসিসির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘রাস্তায় বারবার খোঁড়াখুঁড়ি কমাতে রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি।’
এদিকে ঢাকার ফুটপাতের হকারদের পুনর্বাসনে ছয়টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার এক সংলাপে প্রশাসক জানান, নির্ধারিত এসব স্থানে হকারদের নিবন্ধনের মাধ্যমে বসানো হবে এবং একটি নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।
শফিকুল ইসলাম খান বলেন, নগরের ব্যবস্থাপনা নিয়ে আমরা যা করি, তার অধিকাংশই সাময়িক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।’ ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।