logo

বনানীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বনানীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঈদুল ফিতরকে সামনে রেখে আমদানিকৃত পণ্যের সঠিক মূল্য ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বনানী এলাকায় পরিচালিত এ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক আফরোজা আক্তার।

অভিযানে দেখা যায়, কয়েকটি ফ্যাশন হাউস আমদানিকৃত পোশাক বিক্রির ক্ষেত্রে সরকারের নির্ধারিত নিয়ম মানছে না। বিশেষ করে ‘নিবিড় ফ্যাশন’, ‘জিওর ডানো’ ও ‘বেনার‌শি কু‌ঠি’ এই তিনটি প্রতিষ্ঠানে বিক্রি হওয়া আমদানিকৃত পোশাকের বৈধ কাগজপত্র সংরক্ষণ না থাকায় তাদের বিরুদ্ধে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা স্বার্থ সুরক্ষায় সম্প্রতি নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আমদানিকৃত পোশাকে সর্বোচ্চ খুচরা মূল্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং পণ্যটি কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তা ট্যাগ বা লেবেলে প্রদর্শন করতে হবে। পাশাপাশি আমদানিকৃত পণ্যের বৈধ কাগজপত্র দোকান বা শোরুমে সংরক্ষণ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে পরিদর্শনের সময় কর্তৃপক্ষ তা যাচাই করতে পারে।

এ বিষয়ে উপপরিচালক আফরোজা আক্তার বলেন, ভোক্তাদের ঠকানো রোধ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব নিয়ম কঠোরভাবে মানতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।