বিমানবন্দরে প্রবাসীর হারানো ব্যাগ ফিরিয়ে দিল আনসার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের সততা ও তাৎক্ষণিক তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্নব কুমার বণিক।
রোববার (২৮ জুন) ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও গণসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, রাত ৩টার দিকে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সানাউল্লাহ ক্যানোপি-২ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। কোনো দাবিদার না থাকায় তিনি বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আবুল হোসেনকে জানান। পরে আনসার সদস্যরা প্রায় আধা ঘণ্টা ব্যাগটির প্রকৃত মালিকের সন্ধান করেও কাউকে না পেয়ে নিয়ম অনুযায়ী সেটি বিমানবন্দরের ডিএসও অফিসে জমা দেন।
তিনি জানান, এর কিছুক্ষণ পর অর্নব কুমার বণিক ক্যানোপি এলাকায় এসে জানান, অসাবধানতাবশত তিনি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগটি ফেলে গিয়েছিলেন। পরে তাকে ডিএসও অফিসে নেওয়া হলে পরিচয় ও ব্যাগের ভেতরে থাকা মালামালের তথ্য যাচাই শেষে ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।
ব্যাগ ফিরে পেয়ে অর্নব কুমার বণিক আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।






