রাজধানীর মোতালেব প্লাজা থেকে বিপুল জাল নোট উদ্ধার

রাজধানীর মোতালেব প্লাজায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতে নাতে ৪০ লাখ টাকা জাল নোট উদ্ধার করি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানতে পারব। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছেড়েছে।
তিনি আরও বলেন, ধরা পড়া তিনজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।





