logo

মুগদায় বাসার বেজমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

মুগদায় বাসার বেজমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিন মোড়ানো অর্ধগলিত এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মান্ডার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে বাসার বেজমেন্ট থেকে পচাগলা অবস্থায় পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করেন তারা। মরদেহটি সাত টুকরো করা ছিল। দেহের খণ্ডিত অংশগুলো আলাদা আলাদা পলিথিনে মোড়ানো ছিল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।