logo

অটোরিকশার ব্যাপারে তৎপর ডিএমপি

অটোরিকশার ব্যাপারে তৎপর ডিএমপি

মূল সড়কে যেন অটোরিকশা প্রবেশ করতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রমজানে ঢাকা মহানগর এলাকার ব্যাংক ও শপিংমলগুলোর নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে সময়মতো গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন, সে জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ইফতারের সময় অনেক সদস্য সড়কেই ইফতার করছেন, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

তিনি আরও জানান, ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে। বাস চলাচলের সড়কে অটোরিকশা প্রবেশ রোধে ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। সবার সহযোগিতায় রমজান মাস শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম বলেন, আজ ১৩তম রোজা পার করছি। এখন পর্যন্ত ঢাকা মহানগরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি দিনগুলোও যদি এভাবেই শান্তিপূর্ণভাবে পার করা যায়, তবে ঈদ উৎসব সুন্দরভাবে উদযাপন সম্ভব হবে।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি দোকান ও মার্কেট সিসিটিভি ক্যামেরার আওতায় আনার আহ্বান জানান। এতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কাজ সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানার পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেন। রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।