logo

গণভবনের পেছনের মাঠ থেকে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গণভবনের পেছনের মাঠ থেকে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
গণভবনের পেছনের মাঠে এসআরবির অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে মাঠের বিভিন্ন স্থান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধার করা বোমা। ছবি: এশিয়া পোস্ট
উদ্ধার করা বোমা। ছবি: এশিয়া পোস্ট

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।