রাজধানীর উত্তরায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় পাঁচ বছর ও তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাজী শামসুর রহমান (৩৫) ও সাবানা আক্তার জুনি (৩০)।
তাদের মধ্যে কাজী শামসুর রহমান পাঁচ বছরের এবং সাবানা আক্তার জুনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে এডিসি নিয়াজ মেহেদী জানান, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আদালতের দেওয়া সাজা কার্যকর করার লক্ষ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।


