logo

পহেলা বৈশাখে ঢাকায় কোথায় কী আয়োজন

পহেলা বৈশাখে ঢাকায় কোথায় কী আয়োজন

রাজধানী ঢাকায় পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আমেজ এখন সর্বত্র। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার স্বাদ পুরোপুরি শহরে না মিললেও সাম্প্রতিক বছরগুলোতে নগরজীবনে বৈশাখী আয়োজন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানীর নানা স্থানে বসছে মেলা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন। চলুন জেনে নেওয়া যাক এসব বৈশাখী আয়োজন—

লাল বৈশাখী উৎসব

রিশকা কানেক্টসের উদ্যোগে কামাল আতাতুর্ক পার্কে  দুই দিনব্যাপী এই আয়োজনে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ ও নানা খেলা। পাশাপাশি থাকছে কনসার্ট। প্রবেশমূল্য ৩০০ টাকা।

এসএমই বৈশাখী মেলা

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। ৩০০টির বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবার পাওয়া যাচ্ছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন। প্রবেশমূল্য ৩০ টাকা।

উৎসবে বৈশাখ 

রাজধানীর ভাটারার এই আয়োজনটিতে রয়েছে আলপনা, পাপেট শো, বাউল গান, নাগরদোলা ও খেলাধুলা। বিকেল থেকে শুরু হবে কনসার্ট। প্রবেশমূল্য ২০০ টাকা, কনসার্টসহ ৮০০ টাকা। 

বিসিক বৈশাখী মেলা 

বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে চলছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। এখানে রয়েছে মাটির পণ্য, নকশিকাঁথা, হস্তশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা পণ্য।

যাত্রাবিরতির বৈশাখী আয়োজন

বনানীর যাত্রাবিরতিতে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবে থাকছে বাউল গান, নাচ, পুতুলনাচ ও বায়োস্কোপ প্রদর্শনী। অংশ নিচ্ছে ‘সোনার বাংলা সার্কাস ব্যান্ড’। প্রবেশমূল্য ৫০০ টাকা।

আর্কা বৈশাখ ১৪৩৩

আলোকি প্রাঙ্গণে (গুলশান–তেজগাঁও লিংক রোড) আর্কা কালেকটিভের আয়োজন এই উৎসবে রয়েছে মেলা, খেলাঘর, ভোজনালয় ও মঞ্চ পরিবেশনা। বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় মুখর থাকবে পুরো আয়োজন। টিকিট ৫০০ টাকা।

রাজধানীর বড় আয়োজনগুলোর বাইরে প্রতিটি এলাকার ছোট-বড় বৈশাখী উৎসবেও থাকছে লোকজ সংস্কৃতি, খাবার আর উদ্যোক্তাদের পণ্যের রঙিন সমাহার।