উত্তরায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গাজীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পরে রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকার আব্দুর সাত্তার গাজীর ছেলে।
ওসি খালিদ মনসুর বলেন, সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ও গাছা থানায় মারামারি, হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
