সেন্টার পয়েন্ট শপিংমলে আগুন, ৩ ঘণ্টার মধ্যে স্বাভাবিক কার্যক্রম

রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত সেন্টার পয়েন্ট শপিংমলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মলের নিজস্ব অপারেশন ও ফায়ার সেফটি টিম, নিরাপত্তাকর্মী, ফায়ার সার্ভিস ও পুলিশ সমন্বিতভাবে কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১টা ৪০ মিনিটের মধ্যে পুরোপুরি নির্বাপিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি এবং কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি।
ইউনাইটেড টার্মিনালের অধীন মলের অপারেশন টিম পরিস্থিতি দ্রুত ও সুশৃঙ্খলভাবে সামাল দেয়। মলের পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট টিমগুলোর দ্রুত পদক্ষেপের ফলে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যেই সেন্টার পয়েন্ট শপিংমলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। বর্তমানে মলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রেস্তোরাঁর রান্নাঘরের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


