রাজধানীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো একসময় চুরির ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকান মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে। তবে তদন্ত শেষে চুরি হওয়া অলংকারের প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।