logo

খিলগাঁওয়ে কুকুরের ধাওয়া খেয়ে অটোরিকশা চালকের মৃত্যু

খিলগাঁওয়ে কুকুরের ধাওয়া খেয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় কুকুরের ধাওয়া খেয়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হওয়া মোহাম্মদ জহির (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসাবো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত জহির কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাসিন্দা ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের বাসাবো এলাকায় বসবাস করতেন। তার তিন সন্তান রয়েছে।

নিহতের আত্মীয় জুয়েল জানান, বাসাবো এলাকায় অটোরিকশা চালানোর সময় তিন থেকে চারটি কুকুর জহিরকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।