রামিসা হত্যার বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে সাত বছরের শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে কালশী রোড অবরোধ করেছে এলাকাবাসী। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার আগে কালশী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
বিক্ষুব্ধ এলাকাবাসী গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি হিসেবে তার ফাঁসির দাবি জানান। একই সঙ্গে বর্বরোচিত এ ঘটনায় জড়িতদের দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিও জানান এলাকাবাসী।
এর আগে, সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে সহপাঠী এবং এলাকাবাসী।
রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এমন জঘন্যতম নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নানা শ্রেণিপেশার মানুষ।
হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।